মাদকবিরোধী কোন প্রকার ব্যবস্থা না নেওয়া ও দায়িত্বে পালনে অবহেলার অভিযোগ তুলে পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুমকি উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দুমকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম, শারমিন আক্তার স্বর্ন ও আবু রাফি। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার এলাকায় শেষ হয়।
মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে মাদকের বিস্তার রোধে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়া, ঠিকমতো অফিস না করা, ফোন না ধরা, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বানিজ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ব্যঙ্গ করা ও এক তরফা সুপারিশের মাধ্যমে ফ্যামিলি কার্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইউএনওকে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন বক্তারা।
তবে এ বিষয়ে জানতে ইউএনও আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।