মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজ ক্যাম্পাস তীব্র ভাঙনের কবলে পড়েছে। সাম্প্রতিক টানা অতিবৃষ্টির ফলে কলেজের বিশাল খেলার মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে আকস্মিক ও ভয়াবহ এই ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি বর্তমানে এতটাই জটিল আকার ধারণ করেছে যে, দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ না নিলে কলেজের প্রধান চার তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের এই ঐতিহ্যবাহী অবকাঠামো ও খেলার মাঠ রক্ষায় অনতিবিলম্বে সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কলেজ গভর্নিং বডির (ম্যানেজিং কমিটি) সদস্য মোঃ ফেরদৌস রহমান কলেজ অধ্যক্ষের সাথে জরুরি আলোচনা করেছেন। তিনি কলেজের মূল ভবন ও মাঠ রক্ষার্থে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি) বরাবর একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন। একই সাথে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কলেজ ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, তেরশ্রী ডিগ্রি কলেজটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এলাকার হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে এই বিদ্যাপীঠের সাথে। এমন পরিস্থিতিতে কলেজটিকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভাঙন রোধে অতি দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কলেজ কর্তৃপক্ষ।