দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে অবশেষে জমির দখল ফিরে পেয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের লোকা গ্রামের প্রকৃত মালিকরা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে ঢাক-ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, লোকা মৌজার ২০০ নম্বর দাগের প্রায় ৭০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। দুই দশকের বেশি সময় ধরে চলা এই মামলার নিষ্পত্তি হয় সম্প্রতি, যখন দিনাজপুর জেলা দায়রা জজ আদালত প্রকৃত মালিকদের পক্ষে রায় দেন। রায়ের পর আদালতের নির্দেশে জমিটি দখলমুক্ত করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার দুপুর ২টার দিকে আদালতের প্রতিনিধির উপস্থিতিতে এবং নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসময় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
এ বিষয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির তোফায়েল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি শান্তিপূর্ণভাবে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জমির মালিক রোকনুজ্জামান রাবু বলেন, দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে জমি ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, বহু বছর পর জমির দখল ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।