জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্পদ মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ হিরণ (৪০) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার এস.আই (নিঃ) মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চাপারকোনা বাজার এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভবানিপুর পশ্চিমপাড়া এলাকায় আলতাফ বিএসসির বাড়ির পাশে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সম্পদ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সম্পদ মিয়ার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ইয়াবার ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬,০০০ টাকা। বিকেল পৌনে ৪টার দিকে জব্দ তালিকামূলে মাদকসহ আসামিকে থানায় নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সম্পদ মিয়া জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক আসামি হিরণের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীর উঠতি বয়সী যুবসমাজের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। ধৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”