রাজধানীর লালবাগের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে মাত্র ১ হাজার টাকা বাসাভাড়া বকেয়াকে কেন্দ্র করে স্বপন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের ভাইয়ের অভিযোগ, ভাড়া চাইতে এসে রিজভী ও তার চাচাতো ভাই রোহান প্রথমে তাদের মারধর করেন, পরে স্বপনকে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে; লালবাগ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে ।