নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে। গতকাল ১৭ জুলাই ২০২৬ তারিখে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মুনিয়ারি ইউনিয়ন গুলিয়া গ্রামের মোঃ আব্দুল ওহাবের মেয়ে মোছাঃ ছামিয়া আক্তারের (১৬) বিয়ের আয়োজন চলছিল ভরতেঁতুলিয়া গ্রামে। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের পিতা মোঃ আব্দুল ওহাবকে (৫০) নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন এবং আত্রাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,ন বাল্যবিবাহ প্রতিরোধে এবং সচেতনতা বাড়াতে উপজেলার প্রতিটি এলাকায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।