মির্জাগঞ্জ উপজেলার তিনটি গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন “গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক প্রায়োগিক গবেষণা প্রকল্প”-এর আওতায় গ্রাম অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ড-এর উপপরিচালক জনাব কামরুল হাসান, মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মামুন,স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণিবৃন্দ।
প্রোগ্রামের শুরুতে কৃষকদের সামনে প্রকল্পটির বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষকদের অভিযোজন বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব কৃষিতে উৎসাহিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। পরিচিতি পর্ব শেষে উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও সর্বসম্মতিক্রমে প্রতিটি গ্রামে দুটি করে নতুন গ্রাম সংগঠন সৃজন করা হয় এবং এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রকল্পের রূপরেখা অনুযায়ী, সৃজিত এই সমিতিগুলোর মাধ্যমেই প্রকল্পের বিভিন্ন ইনপুট ও সেবাসমূহ কৃষকদের প্রদান করা হবে। এর ফলে উক্ত এলাকার সুফলভোগী কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তা এবং যুগোপযোগী প্রশিক্ষণ পাবেন। নতুন এই সমিতিগুলো মাসিক নির্দিষ্ট হারে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করবে। সঞ্চয়ের মাধ্যমে নিজেদের পুঁজি গঠনের ফলে ভবিষ্যতে সমিতিভিত্তিক যৌথ ব্যবসার নতুন পথও উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
গ্রাম সংগঠনগুলোতে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারী কৃষকেরা সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন এবং এর মধ্যে ন্যূনতম ২০ ভাগ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতিবেশসম্মত কৃষি প্রযুক্তির উপর হাতে কলমে যে প্রশিক্ষণ দেয়া হবে, তা একদিকে যেমন পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে, অন্যদিকে কৃষকদের নিজেদেরকেও দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।