দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দিনাজপুরের বিরলে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মঙ্গলবার তুলাই নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিস্তারিত ও জব্দকৃত মালামাল:
অভিযান এলাকা: বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন ও ১০ নং রানীপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত তুলাই নদী।
জব্দকৃত জাল: ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১০টি কারেন্ট জাল।
আনুমানিক মূল্য: ২ লক্ষাধিক টাকা।
বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এসব অবৈধ জাল। দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও নদী-নালাকে অবৈধ জালমুক্ত রাখতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জাল ধ্বংস ও অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।