রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে চুরি মামলায় দুজন এবং নিয়মিত মামলায় আরও একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে চুরি মামলায় বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার আজিজুল সরকারের ছেলে বাবু সরকার (২৪) ও নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল আহমেদ (২৮)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রায়োটিং মামলার এজাহারনামীয় মূল আসামি আলাইপুর মহাজনপাড়া এলাকার খাকসার আলীর ছেলে মো. মিজান (৩৫)কেও নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঘা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।