জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল এবং জেলা সদস্য সচিব লাবিব আহম্মেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এনসিপির বাগেরহাট জেলা সদস্য সচিব লাবিব আহম্মেদের নাম ঘোষণা করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।
তিনি বলেন, একটি চারাগাছ রোপণের পর যেমন নিয়মিত পরিচর্যা ও যত্নের প্রয়োজন হয়, তেমনি একটি নতুন রাজনৈতিক দলকেও এগিয়ে নিতে জনগণের সহযোগিতা প্রয়োজন। এনসিপির জন্ম হয়েছে মাত্র দেড় বছর। এই সময়ের মধ্যে দলটি জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে। আগামী দিনে জনগণ সহযোগিতা করলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি এনসিপির প্রতি জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
পথসভাকে ঘিরে ফকিরহাট ডাকবাংলা চত্বরে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।