চট্টগ্রামের পটিয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া সদর দলীয় কার্যালয় থেকে কর্মসূচিটি শুরু হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি পটিয়া সদর থেকে শুরু হয়ে বাদামতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শাহচাঁদ আউলিয়া (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পটিয়ায় কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তাঁরা বলেন, শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পটিয়াকে অশান্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হবে। বক্তারা আরও বলেন, এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌর যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া পৌর কৃষকদলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্যসচিব আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু ও হারুনুর রশীদ দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল, মানিক, ইসহাক সওদাগর, খোখন মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।