চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কথিত ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’য়ের অস্তিত্বের প্রমাণ পেয়েছে পুলিশ। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে পরিচালিত তদন্তের পর রোববার একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড এবং সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, রোগী ও মরদেহ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, সিন্ডিকেটের বাইরে থাকা বৈধ অ্যাম্বুলেন্স ও ফ্রিজার গাড়িকে হাসপাতাল চত্বরে প্রবেশে বাধা প্রদান, প্রতিবাদকারীদের হুমকি ও মারধরের মতো কার্যকলাপ এবং ফিটনেস ও রুট পারমিট ছাড়া যানবাহনকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে প্রতারণা করা হয়েছে।
চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, গত ৯ জুন আদালতের নির্দেশে তদন্ত শুরু হয় এবং রোববার প্রতিবেদন জমা দেওয়া হয়। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজের নেতৃত্বে তদন্তে অবৈধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাইরের অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী ফ্রিজার গাড়ি প্রবেশে বাধার মতো বিষয়গুলি উঠে এসেছে।
এই ঘটনা চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উপর ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।