নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় একটি দুই তলা ভবনের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ভবনের মালিক মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলো— সামিয়া (৫), স্থানীয় বাসিন্দা মাসুমের বাড়ির ভাড়াটিয়া পরিবারের শিশু এবং নুরুল আমিন (৮), স্থানীয় বাসিন্দা জালালের বাড়ির ভাড়াটিয়া পরিবারের শিশু।স্বজনরা জানান, সামিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নুরুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভবন ও সীমানা প্রাচীর নির্মাণে যথাযথ নিরাপত্তা ও নির্মাণবিধি অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই দুই নিষ্পাপ শিশু আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।