বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. মমিন শাহ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ধুনট থানার একটি পুলিশ দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারের ঘটপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে তিনি মো. মমিন শাহ (৩৬), পিতা—মোজাফফর হোসেন, সাং—বিলচাপড়ী (ভেড়াকাটা), থানা—ধুনট, জেলা—বগুড়া বলে জানান।
পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পুরাতন খবরের কাগজে মোড়ানো ছোট-বড় মোট ২০টি পুঁটলি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার ওজন ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে পরিমাপ করে ২০০ গ্রাম পাওয়া যায় বলে মামলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন স্থান থেকে ক্রয় করে নিজের হেফাজতে রেখে বিক্রয়ের কথা স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা শেষে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত থানায় হাজির করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।