শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশু শ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্যা মাধবী রানী মন্ডল, ইউপি সদস্যা রেহেনা পারভিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, দেবহাটা সদর ইউনিয়নে মোট ২০জন শিশু শিশুশ্রমের সাথে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৭ জন শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা ও বিভিন্নভাবে সহযোগীতা প্রদানের মাধ্যমে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের প্রতিটি শ্রেনীর ১জন করে শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে।