সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ও শ্যামারগাঁও এলাকায় চলাচলের একমাত্র সড়কের কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী উপজেলার বাংলাবাজার-নরসিংপুর সড়কে কয়েক শত স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করেন বলেন:- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে নরসিংপুর যাওয়ার একমাত্র সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। এই সড়কের পানি নিষ্কাশনের জন্য শ্যামারগাঁও ও নরসিংপুর অংশে থাকা কালভার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী মহল আইন অমান্য করে কালভার্টের ঠিক মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণ শুরু করেছে। এই কালভার্টের মাধ্যমেই প্রায় ২০০ একর আবাদী জমির পানি চলাচল করে। কালভার্টের মুখ বন্ধ করে ফেলায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষকদের কয়েকশ একর ফসলি জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান:- এটি এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কালভার্টটি বন্ধ হয়ে গেলে শুধু যাতায়াত নয়, বরং পুরো এলাকার কৃষিব্যবস্থা ধসে পড়বে। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি যাতে সাধারণ মানুষের চলাচলের পথ এবং কৃষকের জমি রক্ষা পায়।
এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানানো হয়েছে যেন অবিলম্বে অবৈধ এই নির্মাণ কাজ বন্ধ করা হয় এবং কালভার্টের মুখ উন্মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।