ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান।
সভায় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় ডেঙ্গু ও অন্যান্য রোগের বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ জরুরি সভায় ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।