জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ।” এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও জেলা সম্মেলন–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “পীর সাহেব চরমোনাই ক্ষমতার মোহকে প্রাধান্য না দিয়ে ইসলামী আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং নীতির প্রশ্নে আপস না করে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।” চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোজাহিদ সগীর, শরীফুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি হাফেজ মামুনুর রশিদ, পটিয়া পৌরসভা সভাপতি মাওলানা সৌরভ হোসেন আয়মনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও চেতনা বাস্তবায়নে নৈতিক, আদর্শিক ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে ২০২৭–২০২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ ইউনুস, সহ-সভাপতি হিসেবে মাওলানা নুরুল আলম তালুকদার, হাফেজ জাহেদুল হক ও মাওলানা জুনাইদ বিন হামিদ, সেক্রেটারি হিসেবে হাফেজ আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি মিশকাতুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ মারুফুল ইসলাম নির্বাচিত হন।