ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় বেহাল সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য তথ্য সংগ্রহ করছে রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী কাঁচা সড়ক পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সড়কগুলোর বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের দুর্ভোগ ও সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো ও এলাকাবাসীর দাবির কথা আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাতের কাছে তুলে ধরা হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তাঁরা জানান।
পরিদর্শনের একপর্যায়ে উপজেলার ৮ নং রূপসী ইউনিয়নের নৈহাটি এলাকার একটি বেহাল কাঁচা সড়ক পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।নৈহাটি এলাকার বাসিন্দারা বলেন, এই সড়ক দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। পাশাপাশি একাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্তমানে পায়ে হাঁটা ও যানবাহনে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলটি সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।এরপর একই ইউনিয়নের বরইকান্দি গ্রামের একটি জরাজীর্ণ কাঁচা সড়কও পরিদর্শন করেন তাঁরা। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সড়কটির সমস্যাগুলো সম্পর্কে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান। প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়।
রিফাত ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এরই মধ্যে ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলাচলের অনুপযোগী প্রায় ২৭টি কাঁচা সড়ক সংস্কারের কাজ করা হয়েছে। এর পাশাপাশি মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ কমানো এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা কিছু সহজ করার লক্ষ্যেই জরাজীর্ণ সড়কগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে যেসব সড়কের অবস্থা সবচেয়ে খারাপ এবং যেগুলো স্থানীয় মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এসব সড়ক মেরামত করা হলে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় মানুষের দৈনন্দিন যোগাযোগেও এর ইতিবাচক প্রভাব পড়বে।