বরিশাল নগরীর বর্জ্য সংগ্রহ ও পরিবহন কার্যক্রম আরও গতিশীল করতে সিটি কর্পোরেশনকে ৮টি অপারেশন বক্স ভ্যান, ৩০টি ডাস্টবিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই এসব সামগ্রী দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বক্তব্যে তিনি বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি কর্পোরেশনের একক উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় বরিশালের পরিচ্ছন্নতা কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সংস্থাটির বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম কর্মকর্তাসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্জ্য বহনের জন্য পাওয়া ৮টি অপারেশন বক্স ভ্যান এবং ৩০টি ডাস্টবিনসহ অন্যান্য পরিচ্ছন্নতা উপকরণ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহার করা হবে। এতে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহন আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও উন্নত করার পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।