সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও চিত্রনায়ক সনি রহমান।
সভার শুরুতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, মুসলিমনগর সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন এবং রুকুন উজ্জামান রুকুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এডহক কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।