পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মুবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত মুবারক র্যালিটি কোম্পানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে সংগঠন দুটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান ও দরুদ-সালামের ধ্বনিতে মুখর হয়ে ওঠে র্যালির পুরো পরিবেশ।
র্যালি শেষে হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ। প্রধান বক্তা ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সদস্য জাহেদুর রহমান জাহেদ, সিলেট পশ্চিম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, সম্পাদক শরীফ আহমদ মাহদী, সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদ নোমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আলাল উদ্দিন।
এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রুহেল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া বিশিষ্ট মুরব্বি মো. কালা মিয়া, আব্দুল আলী, নূরুল হক, মুসাহিদ আলী, আব্দুল কাদির, হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম সাঈদ, উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার খলিফা আব্দুল মতিন মলাইসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁরা ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মধ্যে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।