কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে সাজা প্রদান করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালীর বাজার (উত্তর) ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
রোববার (৯ আগস্ট) বুড়িচং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয় বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৩ জনকে ১২ দিন ও বাকী ৩ জনকে ০৮ দিন করে সাজা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আমিনুল ইসলাম গত ১ আগস্ট ২০২৬ তারিখে ঘোষিত ১নং কালীর বাজার ইউনিয়ন (উত্তর) যুবদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
ঘটনার বিষয়ে কালির বাজার (উত্তর) যুবদলের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাদকসেবীর সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইতোমধ্যেই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।