ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
রাত ৮টা ৩০ মিনিটে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আঃ আজিজ (৪৫)-কে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
অন্যদিকে, রাত ১০টা ৩৫ মিনিটে জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিংয়ের একটি গোডাউনের সামনে অভিযান চালিয়ে মো. তালেব ইসলাম শুভ (২৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটে টংগাবাড়ী এলাকার নাভানা সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে মো. হজরত আলী (৩৫), পারভেজ হোসেন (২৬) ও আবুল কালাম আজাদ (৩২)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৯০০ টাকা।
পুলিশ জানায়, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে ৮ আগস্ট মামলা নং-৩২, ৩৩ ও ৩৮ দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা জানান, আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখা, সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।