দীর্ঘ ২৯ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকা বাজারটির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুমোদনে দক্ষিণ আইচা বাজার নির্বাচন পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে মো. আবুল কাশেম মাস্টারকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া মো. ইব্রাহিম, মো. মিজানুর রহমান, মো. কবির প্রফেসর ও আবু রহিমকে নির্বাচন কমিশনার এবং মো. ফরাদ হাওলাদার ও কামাল পাটোয়ারীকে সদস্য করা হয়েছে।
এর আগে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ীরা বাজারে দীর্ঘদিন ধরে কোনো কমিটি না থাকায় শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় নানা সমস্যার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন কমিটি না থাকায় বাজারের বিভিন্ন বিষয়ে নিয়মিত শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা কার্যক্রমও ব্যাহত হয়েছে।
নতুন নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদনের খবরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীরা আশা করছেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আইচা বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।