সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের লাইনের রাইজারে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে হোসেনপুরে মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের রাইজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র দুই মিনিটের মধ্যে দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। পরে ১টা ২৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, বজ্রপাতের কারণে গ্যাসের লাইনের রাইজারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আনুমানিক দুই হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় দুই লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি।
প্রত্যক্ষদর্শী ও মন্ত্রীর বাড়ির নিরাপত্তাকর্মী মো. শফিকুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ট্রিপল নাইনসহ সংশ্লিষ্ট নম্বরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বজ্রপাতের কারণে গ্যাসের লাইনের রাইজারে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।