ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ঘরের ভেতর ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। মাত্র দুই মাস ছয় দিনের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম রাইয়ান আহম্মদ। তার বাবা আব্দুল মালেক (৩৬) মালয়েশিয়াপ্রবাসী। মা রুমানা আক্তার (২০)। পরিবারের দাবি, রুমানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্য, ভোরে ঘরের ভেতর সুপারি কাটার জাঁতা দিয়ে শিশুটিকে আঘাত করেন রুমানা। এরপর শিশুটিকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শিশুটির মা রুমানা আক্তার মানসিক রোগী। তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মা ও শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে কী কারণ ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।