নরসিংদীর পলাশে কাপড়ের হাটের টাকা বণ্টনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গত ২ আগস্ট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার জিনারদি ইউনিয়নের পণ্ডিতপাড়া-সাকুরগাঁট ও গাবতলী এলাকায়।
এ ঘটনায় গাবতলী গ্রামের মো. বাদল মিয়া ৩ আগস্ট পলাশ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে কাপড়ের হাটের টাকা বণ্টনকে কেন্দ্র করে বাদল মিয়ার ভাতিজা সুজনকে মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় বাদল মিয়ার বাড়িসহ আরও ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
হামলার সময় তাসিন নামে আট বছরের এক শিশু আহত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাদল মিয়া, তার ভাতিজা রুবেলসহ কয়েকটি পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।