রাজধানীর ডেমরার সারুলিয়ায় দিনে দুপুরে ডেমরায় সাংবাদিক সাইফুল ইসলাম রনজুর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরের দল। গত মঙ্গলবার দুপুরে পশ্চিম টেংরা সারুলিয়ার রশিদ মাস্টার কমপ্লেক্সের ৮ম তলার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে বাসায় তালা মেরে বাইরে যান। পরে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরে তিনি দেখতে পান, বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
পরে ওয়ারড্রোব খুলে দেখতে পান, সেখানে রাখা দুটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, প্রায় আধা ভরি ওজনের একটি গলার চেইন এবং দুটি স্বর্ণের আংটি নেই। ভুক্তভোগীর ধারণা, তার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় সাইফুল ইসলাম ডেমরা থানায় কয়েকজন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দিনদুপুরে আবাসিক ভবনে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। চুরির ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। চুরির এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাত ও নিন্দা জানিয়েছেন।