লালমনিরহাটের কালীগঞ্জে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি এলাকার সাধারণ জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর সহযোগিতায় রোববার (৯ আগস্ট) দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কাকিনা (ওয়াবদা বাজার) এলাকায় ROSE-এর প্রধান কার্যালয়ে আয়োজিত ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার আওতায় আসেন। ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, BMI নির্ণয়, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় প্রেসক্রিপশন এবং স্বাস্থ্য ও জীবনযাপনবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি: মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. শফীকুল ইসলাম, সভাপতি, রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE), হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসক ও মেডিকেল টিমের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, প্রত্যন্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগ বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মো: আব্দুর রহমান স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়। এখানে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। ROSE ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের প্রতি আমরা কৃতজ্ঞ।”
আরেকজন উপকারভোগী মো: আবু বক্কর সিদ্দিক বলেন, “অনেক সময় অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না। এখানে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।” শিউলি বেগম বলেন, “স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কীভাবে খাদ্যাবাস ও জীবনযাপন পরিবর্তন করলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে জানতে পেরেছি। এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী।”
সভাপতির বক্তব্য, ROSE-এর সভাপতি মো. শফীকুল ইসলাম বলেন, “ROSE দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করে আসছে। একটি সুস্থ ও সচেতন জনগোষ্ঠী ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের এই উদ্যোগ একটি ছোট প্রয়াস। ভবিষ্যতেও স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।”
নির্বাহী পরিচালকের বক্তব্য, ROSE-এর নির্বাহী পরিচালক বলেন, “আজকের ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কার্যক্রমের মূল লক্ষ্য শুধু একদিনের চিকিৎসাসেবা প্রদান নয়; বরং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসক ও মেডিকেল টিম এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, চিকিৎসক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।”
আয়োজকরা জানান, ভবিষ্যতে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।