ঢাকার আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অপহরণের ঘটনায় তাদের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর মা আরিফা আক্তার জানান, তার মেয়ে আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা। গত ১০ আগস্ট সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর দুপুরে তাকে আনতে গিয়ে জানতে পারেন, সে স্কুলে নেই। পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে প্রতিবেশী শাকিল ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
আশুলিয়া থানার এসআই মিরাজ বলেন, “প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের অপহরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।”
ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।