মানবিকতা, জনসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের প্রাপ্ত সম্মানী ভাতার অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় না করে দীর্ঘদিন ধরে ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে আসছেন তিনি।
সর্বশেষ তাঁর সম্মানী ভাতার অর্থ দিয়ে মুন্সিবাজার ইউনিয়নের দুই অসহায় পরিবারের সদস্যের চলাচলের সুবিধার্থে দুটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চলাচলে কষ্টে থাকা দুই পরিবারের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভূমিগ্রাম এলাকার জন্মগত প্রতিবন্ধী রজব আলীর মেয়ে মুছলিমা বেগম এবং ৬নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভুবন রাম শব্দকরের স্ত্রী সতী রানী করের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার দুটি দেওয়া হয়।
২০২২ সাল থেকে সম্মানীর অর্থ জনকল্যাণে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালে মাত্র ১৩ দিনের প্রচারণার পর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নাহিদ আহমেদ তরফদার তাঁর সরকারি সম্মানী ভাতার অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সম্মানী ভাতার অর্থ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা, হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করে আসছেন তিনি।
নিজের সম্মানীর অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। বিশেষ করে অসহায় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বেড়েছে।
‘মানুষের জন্য কিছু করতে পারাই সবচেয়ে বড় পাওয়া’চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারি দায়িত্বের সঙ্গে মানুষের সেবা করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেন।
তিনি বলেন, সম্মানী ভাতার অর্থ মানুষের কল্যাণে ব্যয় করতে পারাকে তিনি শুধু দায়িত্ব নয়, মানবিক কর্তব্য হিসেবেও মনে করেন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটিই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, ভবিষ্যতেও তাঁর সম্মানী ভাতার অর্থ ইমাম-মুয়াজ্জিন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণসহ বিভিন্ন মানবিক কাজে ব্যয় করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রশংসায় স্থানীয়রা হুইলচেয়ার পেয়ে দুই পরিবারের সদস্যরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের দীর্ঘদিনের চলাচলের কষ্ট কিছুটা হলেও লাঘব হওয়ায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, একজন জনপ্রতিনিধি যখন নিজের প্রাপ্ত সম্মানীর অর্থও মানুষের কল্যাণে ব্যয় করেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। নাহিদ আহমেদ তরফদারের এমন মানবিক উদ্যোগ শুধু দুই পরিবারের উপকারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্যান্য জনপ্রতিনিধিদেরও জনকল্যাণে এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয়দের প্রত্যাশা, মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।