ক্লিন সিটি গ্রীন সিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের পাশাপাশি গাছের চারাও বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পৌর ১৮নং ওয়ার্ডের আলফার মোড় এলাকায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকী প্রমূখ। এ সময় এলাকার সড়কের পাশসহ গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। গাছের চারা বিতরণকালে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “গাছ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।