1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেলা শেষে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির ব্যর্থ বিএসএফ রাজশাহীতে মানবতার নজির- পরীক্ষা দিচ্ছেন মা, ইউএনও সামলাচ্ছেন বাচ্চা! সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও অবহেলার চিত্র ‎নিজ গ্রামের রাস্তাই যেন গলার কাঁটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল বেলা শেষে মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ

বেলা শেষে

reporter জাহানারা বেগম সেফু
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

বেলা শেষ মানেই কি দিনের সমাপ্তি?নাকি এটাই সেই সময়, যখন মানুষ সারাদিনের হিসাব নিয়ে নিজের ভেতরের মানুষের সামনে দাঁড়ায়?
ডুবন্ত সূর্যকে সবাই সুন্দর বলে, অথচ কেউ কি ভেবেছে, তারও তো একদিনের ক্লান্তি আছে! সারাদিন আলো বিলিয়ে সে যখন পশ্চিম আকাশে নেমে যায়, তখনও কেউ তাকে পরাজিত বলে না। বরং বলে-কী অপূর্ব সন্ধ্যা!
মানুষের জীবনও বোধহয় ঠিক তেমনই।আমরা অনেককে দেখি হাসতে, সুন্দর পোশাক, পরিপাটি জীবন, কর্মব্যস্ততা,সব মিলিয়ে মনে হয়, তার জীবনে বুঝি কোনো কষ্ট নেই।
অথচ হাসির আড়ালে কত শত না-বলা গল্প জমে থাকে, তা কেউ জানে না, কারণ মানুষের চোখ মুখ দেখে বিচার করে, হৃদয়ের ক্ষত দেখে না।

জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো বই থেকে আসে না, আসে হারিয়ে ফেলা মানুষ, ভেঙে যাওয়া স্বপ্ন আর নীরবে বয়ে চলা দায়িত্বের ভেতর দিয়ে।যে মানুষগুলো খুব অল্প বয়সেই জীবনকে অবলোকন করে ফেলে, তখন তাদের কাছে ভালোবাসা মানেই মনে হয় চিরকাল, মনে হয় পৃথিবী যতই বাধা দিক, দু’জন মানুষ একসঙ্গে থাকলেই সব জয় করা যায়।
কিন্তু জীবন সব সময় গল্পের মতো হয় না, কখনো নিয়তি এমন নির্মম হয়ে ওঠে, যে মানুষকে এক মুহূর্তেই শূন্য করে দেয়।

শূন্যতা খুব অদ্ভুত জিনিস।সে শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, কেড়ে নেয় ভবিষ্যতের সব কল্পনাও।
তারপরও জীবন থেমে থাকে না।সমাজ বলে,আবার শুরু করো। পরিবার বলে—ভুলে যাও। সময় বলে এগিয়ে চলো।
কিন্তু কেউ জিজ্ঞেস করে না, ভাঙা হৃদয় নিয়ে একজন মানুষ কত দূর হাঁটতে পারে?
জীবনের দ্বিতীয় অধ্যায়ও সব সময় সুখের হয় না। অনেক সম্পর্কের বাইরের দেয়াল অটুট থাকলেও ভেতরের ভিত্তি অনেক আগেই ভেঙে যায়।
তখন একই ছাদের নিচে থেকেও মানুষ একা হয়ে যায়, একসময় নিজের সম্মান, নিজের অস্তিত্ব আর নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

অনেকেই ভাবে, বিচ্ছেদই বুঝি সবচেয়ে বড় কষ্ট।আসলে না।
বিচ্ছেদের পর নতুন করে জীবন গড়ার লড়াইটাই সবচেয়ে কঠিন।কারণ তখন কেউ হাত ধরে না, নিজের কান্না নিজেকেই লুকাতে হয়, নিজের সাহস নিজেকেই বানাতে হয়, নিজের ভয় নিজেকেই জয় করতে হয়।
তবু কিছু মানুষ হেরে যায় না।
তারা খুব বেশি শিক্ষিত না হয়েও শেখে, সুযোগ না পেয়েও নিজের যোগ্যতা তৈরি করে, ছোট্ট একটি চাকরিকে সম্মানের আসনে বসায়।
নিজের সন্তানের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলে, দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে আবার বই খুলে বসে।
কারণ তারা জানে, জীবন কারও জন্য থেমে থাকে না।
সফলতা মানেই বড় বাড়ি বা মোটা ব্যাংক ব্যালেন্স নয়।
সফলতা হলো, অনেক কান্না লুকিয়ে রেখেও সকালে উঠে কাজে যাওয়া।
সফলতা হলো, নিজে না খেয়ে সন্তানের ভবিষ্যৎ গড়া।
সফলতা হলো, ভেঙে পড়ার শত কারণের মাঝেও দাঁড়িয়ে থাকা।

তবু মানুষ তো শুধু দায়িত্বের জন্য বাঁচে না।দিন শেষে সবারই ইচ্ছে করে, কেউ একজন জিজ্ঞেস করুক, আজ খুব ক্লান্ত লাগছে? একটু বসো।
কেউ একজন অপেক্ষা করুক।কেউ একজন অভিমান ভাঙাক।কেউ একজন বলুক, “আমি আছি।”এই চারটি শব্দের অভাবে কত মানুষ প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে যায়, তার কোনো পরিসংখ্যান নেই।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, যারা অন্যদের সবচেয়ে বেশি আগলে রাখে, তাদের খোঁজই সবচেয়ে কম নেওয়া হয়।

যে মানুষটি সবার দায়িত্ব কাঁধে তুলে নেয়, বাবা-মা হারানোর পরও ভাইবোনদের পাশে দাঁড়ায়, সংসারের হিসাব মেলায়, সন্তানের ভবিষ্যৎ গড়ে,দিন শেষে সেই মানুষটিও তো রক্ত-মাংসের। তারও কষ্ট হয়, তারও অভিমান হয়, তারও ইচ্ছে করে, কেউ একজন নিঃস্বার্থভাবে ভালোবাসুক।

এই চাওয়াটা কি খুব বেশি?নাকি জীবনের ক্যালেন্ডারে কিছু মানুষের জন্য ভালোবাসার ঋতু সত্যিই ফুরিয়ে যায়?

বেলা শেষে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো অনেকের মনেই আসে।
আমি কী পেলাম?এত পথ হেঁটে, এত হারিয়ে, এত সংগ্রাম করে শেষ পর্যন্ত কী রইল আমার হাতে?

হয়তো উত্তরটা আজও মেলেনি।কিন্তু ডুবন্ত সূর্য প্রতিদিন একটি কথাই শেখায়,শেষ হয়ে যাওয়া মানেই শেষ নয়।

আজ যে সূর্য অস্ত গেল, কাল সে আবার উঠবে। আজ যে আকাশ রঙ হারাল, আগামী ভোরে সেই আকাশই নতুন আলোয় ভরে উঠবে।
মানুষের জীবনও তাই।

কিছু সন্ধ্যা খুব দীর্ঘ হয়, কিছু রাত খুব নিঃসঙ্গ হয়, কিন্তু তবুও ভোর আসে।
হয়তো সব স্বপ্ন পূরণ হয় না, হয়তো সব ক্ষত সারেও না।
তবুও কিছু মানুষ বেঁচে থাকে..নিজের জন্য নয়, দায়িত্বের জন্য, আবার কখনো এক চিলতে আশার জন্য।

হয়তো সুখ মানে কোনো নিখুঁত জীবন নয়।
বেলা শেষে-মানুষ তার সম্পদ নয়, তার ব্যবহারের জন্যই স্মরণীয় হয়ে থাকে..।
জীবন আমাদের শেখায়  অনেক কিছু অর্জনের চেয়েও মূল্যবান,  কিছু মানুষ, কিছু মুহূর্ত, আর কিছু না বলা অনুভূতি।

হয়তো সুখ মানে, এত ঝড়ের পরও নিজের ভেতরের মানুষটাকে মরে যেতে না দেওয়া।

তাই বেলা শেষে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করে, “জীবন তোমাকে কী দিল?”

হয়তো উত্তর হবে—জীবন আমাকে সবকিছু দেয়নি, কিন্তু আমাকে এমন একজন মানুষ বানিয়েছে, যে ভেঙেও দাঁড়াতে জানে, কাঁদতেও জানে, আবার ভালোবাসার অপেক্ষায় থাকতেও জানে।
আর হয়তো এই অপেক্ষার নামই জীবন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com