কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান বলেছেন, “পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।” তিনি বলেন, পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে এবং জনগণের ইচ্ছায় হাসবে। একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলাই বর্তমান লক্ষ্য।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ।
পুলিশ সুপার বলেন, সরকার তাঁকে কক্সবাজারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছিল এবং সেই দায়িত্ব সফলভাবে পালন করা হয়েছে। তিনি বলেন, বদরখালী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত প্রয়োজন। জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, সীমিত জনবল নিয়েই বদরখালীতে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনলাইন জুয়া প্রতিরোধে ২০ জন সাব-ইন্সপেক্টরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং এ বিষয়ে কার্যকর অভিযান পরিচালনা করা হবে।
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সাজেদুর রহমান বলেন, চকরিয়া ও মাতামুহুরীর মানুষ অস্ত্র তৈরি করে না। অস্ত্র তৈরির উৎসস্থলগুলোকে চিহ্নিত করে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও জনমুখী করতে সরকার কাজ করছে। জনগণের সহযোগিতায় একটি আধুনিক, দক্ষ ও আস্থাভাজন পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়া বক্তব্য রাখেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম।