গভীর রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গত ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে আদিতমারী থানার বিশেষ চেকপোস্ট ও অভিযান চলাকালে উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারসংলগ্ন মজিদুল ইসলামের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জব্বারুল ইসলাম (২০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মো. আল আমিন বাবু (৩২), মো. ফরহাদ হোসেন (২১) এবং মো. আহসানুল হাবিব বিপ্লব (২৪)। তাদের মধ্যে প্রথম চারজন আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার এবং অপরজন লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সাক্ষীদের উপস্থিতিতে স্বীকার করেন যে, তারা মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলতেন।
এ ঘটনায় আদিতমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা (নং-২৮, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)।