ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বাখুন্ডা গ্রামে নির্মাণাধীন বাথরুমের সেন্টারিং ও বাঁশের কাঠামো খুলতে গিয়ে ছাদ ধসে মো. শাওন (১৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মঙ্গলকোট বাজারসংলগ্ন কাওছার মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন বাখুন্ডা গ্রামের রুহুল মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কাওছার মিয়ার বাড়িতে দুই দিন আগে একটি নতুন বাথরুমের ট্যাংকি নির্মাণ করা হয়।
বুধবার সকালে শাওন নির্মাণাধীন ট্যাংকির ভেতরে ঢুকে সেন্টারিং ও বাঁশের কাঠামো খুলছিলেন। এ সময় হঠাৎ ওপরের ছাদ ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।