খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব- ৬। র্যাব জানায় আজ ২৬ জুলাই দুপুর ১২ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়েরমহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তার বসতবাড়িতে তল্লাসী চালিয়ে রবিউলের দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষিদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের তথ্য মতে, গ্রেফতার হওয়া রবিউল খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যা চেষ্টা চুরিসহ মোট ১৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র সহ গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের ( কেএমপি) হরিনটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব -৬।