নারায়ণগঞ্জ, ১৪ জুন ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ জুন ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিলাসনগর আবাসিক এলাকার কাইয়ুমপুর রোডে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত রুবেলসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সড়কের পাশে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে বায়ুদূষণ কমাতে ও কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণবয়স্ক গাছ বছরে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানুষের সুস্থ জীবনযাপনে সহায়তা করে। এছাড়া বৃক্ষ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, শব্দদূষণ হ্রাস এবং বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এলজিইডির কর্মকর্তারা জানান, সড়কভিত্তিক বৃক্ষরোপণ ভবিষ্যতে ছায়াময় ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। সরকারের এই বৃহৎ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। তাদের মতে, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি টেকসই সবুজ বাংলাদেশ গঠনের মূল চাবিকাঠি।