পরিবেশ সংরক্ষণ, শিক্ষার আধুনিকায়ন এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০টি গাছের চারা বিতরণের পাশাপাশি দুটি বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান এবং উপজেলা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান করা হয়। আধুনিক এ শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পাঠগ্রহণকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সদর উপজেলা পরিষদ এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, রোববার (২৬ জুলাই) উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এসব স্বেচ্ছাসেবী দল গঠনের কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসনের আশা, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।