জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন গণভোটটি সাংবিধানিক ছিল না, অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। সালাহউদ্দিন আহমদকে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটি হলো জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটি গণভোট। যদি গণভোট অসাংবিধানিক ও অবৈধ হয়, আপনি সালাহউদ্দিন আহমদ, তারেক রহমান এমনকি বিএনপির সরকারও অবৈধ। এই গণভোট যদি অসাংবিধানিক হয় সালাহউদ্দিন আহমদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। যদি গণভোট অবৈধ হয় তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করবো না।’
শনিবার (২৫জুলাই) বিকেলে এনসিপির হালুয়াঘাট উপজেলার উদ্যোগে জুলাই পদযাত্রা শেষে বিকেল ৪টায় হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহালে অনুষ্ঠিতব্য এক সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে এ সমাবেশ করা হয়।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের সময়ে এখানে আজাবের পর অনেক আজব এসেছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ এনে ৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে, এই জায়গাগুলো দখল করে তাদের বাপ-দাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই জুলাই পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোনও মির্জা আজম তৈরি না হয়। আর যেন নতুন কোনও চাঁদাবাজ তৈরি না হয়। আর যেন নতুন কোনও সন্ত্রাস তৈরি না হয়।’
বিএনপি আমাদের সঙ্গে জুলাই আন্দোলনে ছিল উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘তারা বিগত ১৭ বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালু লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটা লুটপাট হয়ে যায়, এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হতে দেবো না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ থাকবে কিনা সেটা জানতে চাই। দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই। থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে। মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা-মা গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে।’
বিকালে উপজেলা শহরে এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি উত্তর বাজারের ধানমহালে গিয়ে শেষ হয়।
জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার
সাংগঠনিক সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার যুগ্ম আহবায়ক সুব্রাতুল হাসান মুনাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক এক দফার ঘোষক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, চাঁ’দা’বাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম, সদস্য সচিব জসিম উদ্দিন,হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,হালুয়াঘাট উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,ধোবাউরা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক,ধোবাউরা উপজেলা জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক দ্রুব মানকিন,সদস্য সচিব আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।