খাগড়াছড়ির রামগড়ে জুলাই দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণ এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস দ্বীল আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলী, গণতান্ত্রিক আন্দোলনে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান এবং দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তাদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, জাতির গুরুত্বপূর্ণ সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হলে এসব দিবস যথাযথ মর্যাদায় পালন করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা ও আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।