ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে জেলার বিভিন্ন প্রেসক্লাবের সামনে পোস্টার লাগানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব পোস্টার লাগানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রেসক্লাবের সাংবাদিকরা।
পোস্টারগুলোতে “আমির হোসেন আমুর মুক্তি চাই”, “মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে” এবং “জননেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো” সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
জেলা শহরের ঝালকাঠি প্রেসক্লাব ছাড়াও রাজাপুর প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব ও কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনের দেয়ালে এসব পোস্টার দেখা যায়।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কারা এসব পোস্টার লাগিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, রাতের আঁধারে কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে তা তারা জানেন না।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আমির হোসেন আমুর সমর্থকরাই তার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করেছেন।
বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর সম্প্রতি আমির হোসেন আমুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।