দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বাস্তবায়নাধীন “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক জাতীয় প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলা ব্রাঞ্চের সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা ব্রাঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে একটি ব্যাগ, একটি নোটপ্যাড, একটি কলমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর। এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মৌলভীবাজার ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন, ট্রেইনার মো. সজিব আহমদ, কুবরা ইরশাদ শাফি ও বিজয় দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক ফরহাত নূর বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করাই শেষ লক্ষ্য নয়; প্রকৃত লক্ষ্য হলো দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ওঠা। প্রশিক্ষণার্থীরা যেন মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পুরো কোর্স সম্পন্ন করতে পারে, সে উদ্দেশ্যেই প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের সফলতাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
প্রশিক্ষণার্থীদের একজন বলেন, “বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় ও কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করতে পারব।”
আয়োজকরা জানান, জাতীয় এ প্রকল্পের সফল বাস্তবায়নে মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যৌথভাবে কাজ করছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন কর্মবাজারে কাজের সুযোগ সৃষ্টি করা এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা।
সংশ্লিষ্টদের মতে, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব হ্রাস, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।