মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং সীমান্ত এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি (শেরপুর) শেখ রিয়াজ সম্মাননা লাভ করতে যাচ্ছেন।
জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বিওপিতে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ওপর ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছেন শেখ রিয়াজ। ৩৯ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপিতে ইয়াবা, ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং অবৈধ পণ্য জব্দের ঘটনাগুলো তিনি নিয়মিত তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরছেন। তাঁর প্রকাশিত সংবাদগুলো সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
এছাড়াও মাদক পাচার, সীমান্ত অপরাধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, নির্ধারিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে শেখ রিয়াজের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শেখ রিয়াজ বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থে কাজ করে যেতে চাই।
এদিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ শেখ রিয়াজের পেশাগত জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকরাও তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক ও অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।