ময়মনসিংহের ১৪ উপজেলা থেকে পরিস্কার পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ‘ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার দেওয়া হয়েছে। গত রবিবার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দিতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত যেখানে আমি সেখানেই পরিস্কার পরিচ্ছন্নতা শ্লোগানে ক্লীন সানডে কর্মসূচির আওতায় পরিস্কার পরিচ্ছন্নতায় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে সেরা ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তিনি পুরস্কারের ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
নতুন অর্থ-বছরের শুরুতে জেলা প্রশাসন গৃহীত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ময়মনসিংহ’-এর আওতায় শিক্ষায়তনগুলোর জন্য পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির এ পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অংগ তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুরস্কারপ্রাপ্ত শিক্ষায়তনগুলোর প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’। শুধু নির্দেশ দিলে হবে না, নিজের হাতে কাজ করে, উদাহরণ তৈরির মাধ্যমে নেতৃত্ব দিয়ে পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।
ময়মনসিংহ জেলার সকল নাগরিকের নাগরিক দায়িত্ববোধ সৃষ্টির নিমিত্ত ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের সমন্বয়ে সপ্তাহে একদিন ‘ক্লিন সানডে’ এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। সমগ্র ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার অনুরোধ জানান সাইফুর রহমান।
ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের প্রধান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, সমাজকে পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। একটি পরিচ্ছন্ন সমাজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক সাইফুর রহমান শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’—অর্থাৎ উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দিতে হবে। শুধু শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা দিলেই হবে না; শিক্ষকদের নিজেদের হাতেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। নিজেরা কাজ করে উদাহরণ তৈরি করলে শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতার কাজে আরও বেশি উৎসাহিত হবে।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; এটি একটি সামাজিক অভ্যাস ও নাগরিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে। তাই‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই শ্লোগানে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।