ভোরের টানা বৃষ্টিতে রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক রাজধানী ব্যাংক পাড়া মতিঝিল ও পল্টনের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় সকালে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, নিম্ন আয়ের খেটে খাওয়া দীন মজুর, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ভোর সোয়া ৪টা থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং সকালেও বৃষ্টিপাত অব্যাহত ছিল।
সকালে মতিঝিল, পল্টন ও আশপাশের সড়কে জমে থাকা পানির কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। অনেক পথচারী জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি পার হন। মোটরসাইকেল ও রিকশাচালকদের পানির মধ্য দিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। জলাবদ্ধ সড়কে যানবাহনের চাপ বাড়ায় বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয় ।ব্যস্ত কর্মদিবসের সকালে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী নারী পুরুষ। অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।সবাই পানিতে ভিজে অফিসের উদ্দেশ্যে রওনা দেন।
মতিঝিল-পল্টন কমলাপুর সহ রাজধানীর দক্ষিণাংশে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পানি নিষ্কাশনের ক্ষেত্রে পল্টন ও মতিঝিলের পানি টিটিপাড়া পাম্প স্টেশনের মাধ্যমে নিষ্কাশন করা হয়।অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি, ড্রেনে বর্জ্য জমে যাওয়া, খাল-জলাধার সংকট ও নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা ,জলাবদ্ধতা মোকাবিলাকে কঠিন করে তুলছে।
ইসলামী বাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অফিসার মো আরিফুর রহমান বলেন- বৃষ্টি হলেই যেন মতিঝিল ব্যাংক পাড়াসহ আশপাশ অঞ্চল ,গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সড়ক কোমর পানিতে তলিয়ে না যায়, সে জন্য পানি নিষ্কাশনব্যবস্থার স্থায়ী সমাধান এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অতীব প্রয়োজন।