বরগুনার বেতাগী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দিনের পাশাপাশি রাতেও একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
গ্রাহকরা জানান, বিদ্যুৎ কখন চলে যাচ্ছে এবং কখন আসছে—এ নিয়ে অনেক সময় কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। বিশেষ করে রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও রয়েছে।
এদিকে শিক্ষার্থীরা বলছে, পরীক্ষার প্রস্তুতি ও নিয়মিত পড়াশোনার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প আলোর ব্যবস্থা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।সাধারণ গ্রাহকদের দাবি, বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আনার পাশাপাশি লোডশেডিংয়ের প্রয়োজন হলে আগে থেকে গ্রাহকদের জানানো হোক। এতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।
স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং লোডশেডিংয়ের সময়সূচি সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।এ বিষয়ে বেতাগী সাব জেনারেল অফিসের সহকারী ব্যাবস্থাপক মুনতাসীর বিন হাসিব বলেন জ্বালানি সংকটের কারনে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া আমাদের ফিডার বেদে লোডশেডিং দিতে হচ্ছে।