দিনাজপুরের বিরল মহিলা কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া নাহার এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: এরফানুল হক-এর বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজের ১১৩তম গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠান পরিচালনার সমসাময়িক কালে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিরল উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: রাজিউল ইসলামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন— বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মো: আরিফ ইকবাল এবং বিরল মহিলা কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মো: আসাদুল হক হিরা।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরজমিন তদন্ত পূর্বক বিস্তারিত প্রতিবেদন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তথা গভর্নিং বডির সভাপতি বরাবরে দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা ফিরে আসবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।