বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাস পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— মো. জাকিরুল (৬), পিতা মো. আসাদুল ইসলাম এবং মো. ফাইম (৮) ও সুরাইয়া (৫), পিতা ফারুক মণ্ডল। তাদের সবার বাড়ি ভালতা গুচ্ছগ্রাম, কাহালু উপজেলা, বগুড়া।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় এক নারী সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুর থেকে ফাইমের মরদেহ উদ্ধার করেন। সুরাইয়াকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তারা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে কাহালু থানার এসআই (নিঃ) ব্রজেন চন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটবল খেলার পর বল ধোয়ার জন্য পুকুরে নামার সময় সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।